Published : 24 Jul 2026, 09:16 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে খাগড়াছড়িগামী একটি বাসে এ ঘটনা ঘটে বলে ওই শিক্ষার্থী ও ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানিয়েছেন।
গ্রেপ্তার এই ব্যক্তির নাম মো. জসিম। তার বাড়ি ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর এলাকায়।
হেনস্তার শিকার শিক্ষার্থী বলেছেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট থেকে খাগড়াছড়িগামী একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পেছনের আসনে বসা এক মধ্যবয়সী যাত্রী জসিম সিগারেট ফেলার অজুহাতে তার শরীর স্পর্শ করেন। তিনি ও বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেন ওই যাত্রী।
পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় সেই ব্যক্তিকে তার স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থী বলেন, ফটিকছড়িতে এক বাসস্টপে যাত্রী নামানোর জন্য বাসটি থামে। সেসময় জসিম অটোরিকশায় ফটিকছড়ি পৌঁছে আবার বসে ওঠেন এবং তার চুল ধরে টান দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্থা ও হুমকি দেন। তখন যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় তাকে আটক করে ফটিকছড়ি থানায় পুলিশের হাতে তুলে দেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে জসিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।