১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মামলায় অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবদুর রহমানের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বিগত সরকারের সময়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রামের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবদুর রহমানের আদালত এই আদেশ দেন। 

এ সময় মেয়র শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেনের আইনজীবী  কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রীয় আদেশে অর্থাৎ বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত দুটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। “পাশাপাশি আরেকটি মামলায় আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে তাকে খালাস দিয়েছেন।

"এর মধ্যে দুটি মামলা বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে। বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় এসব মামলা দেয়া হয়েছিল।"

আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে ১১০ টি মামলা দেওয়া হয়। তিনি এখন পর্যন্ত ৪০টি মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়েছেন।

"রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।"

মেয়র শাহাদাত হোসেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক।

মঙ্গলবার আদেশের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, "মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম।

"সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।"

এদিন তার পক্ষে মামলার কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বেশ কয়েকজন আইনজীবী।