১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

প্রতি দুই বছর অন্তর এমন মহড়া আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 03:25 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫’ শুরু হয়।  

কোনো বিমানে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়া অনুশীলন করা হয় এবারের মহড়ায়। 

মহড়া উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, “এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) সদস্যরা দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এর নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত মহড়া পরিচালনা করে আসছেন। 

“যথাযথ প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভবপর নয়। আর তাই প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন অপরিহার্য।” 

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, “আইকাও-এর নির্দেশনা অনুসারে, প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।” 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুসারে হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা ও বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা মূল্যায়নে প্রতি দুই বছর অন্তর এমন মহড়া আয়োজন করা হয়।