দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার, আহত ১১
চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিপরীতমুখী মারছা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে এক বৃদ্ধার প্রাণ গেছে, আর আহত হয়েছেন ১১ জন।
শনিবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার জাংগালিয়া ফোর সিজন হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছঠেন
নিহত ৬০ বছর বয়সী রেহানা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
লোহাগাড়া থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিপরীতমুখী মারছা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই রেহানা বেগম মারা যান জানিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ছয়জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
