২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র চলছে: আমীর খসরু

“যাদের জনসমর্থন নেই, যারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।”

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র চলছে: আমীর খসরু
চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে)  ইফতারে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 12:17 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে এ অনুষ্ঠানে আমীর খসরু বলেন, “ইতোমধ্যে এ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। 

“যাদের জনসমর্থন নেই, যারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।”

তিনি বলেন, “দেশের যুব সমাজ যারা গত তিন নির্বাচনে নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই তারা ভোট প্রয়োগের অপেক্ষায় আছেন। নির্বাচিত প্রতিনিধির অপেক্ষায়, নির্বাচিত সরকারে অপেক্ষায় এবং দায়বদ্ধ সরকারের প্রতীক্ষায় জনগণ আছে।”

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “একেকটি দিন অতিবাহিত হচ্ছে অগণতান্ত্রিক পরিবেশে। যেখানে জনগণের প্রতিনিধি দেশ পরিচালনা করছেন, যেখানে জনগণের দৈনন্দিন সুখ দুখের কথা শোনা, সেই দায়িত্বপূর্ণ জনগণের কাছে জবাবদিহি এ রকম একটি সরকারের অপেক্ষায় সবাই রয়েছে।

“যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি তাহলে হাজারো সংস্কার করে কোনো লাভ হবে না।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের ডিসি ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ বক্তব্য দেন।

ইফতারে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ হাসিব আজিজ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আ জ ম ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।