Published : 21 May 2026, 09:28 PM
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন সেলিম মো. জানে আলম।
তাকে এই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন এমডি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি মন্ত্রণালয়ে যোগ দান করবেন। তারপর ওয়াসায় এসে কাজ শুরু করবেন।”
চট্টগ্রাম ওয়াসার এমডি পদে দায়িত্ব পাওয়া সেলিম জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের সভাপতি ছিলেন।
এর আগে চট্টগ্রাম ওয়াসার এমডি ছিলেন এ কে এম ফজলুল্লাহ।
আওয়ামী লীগের আমলে বারবার নিয়োগ পাওয়া ফজলুল্লাহর নিয়োগ বাতিল করা হয় অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ৩০ অক্টোবর।
সেলিম জানে আলমকে নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন এমডি পেল চট্টগ্রাম ওয়াসা।
প্রজ্ঞাপন অনুসারে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর সেলিম জানে আলম চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব কর্ম সম্পর্ক ছিন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, “এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।”