Published : 02 Jan 2026, 03:02 PM
একুশে পুরস্কারপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয়।
সুকুমার বড়ুয়ার ছেলে অরূপ রতন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দুইদিন আগে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
“বৃহস্পতিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে বাবাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে উনি মারা যান।”
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অরূপ জানান, তার বাবার শেষকৃত্য গ্রামের বাড়ি রাউজানের বিনাজুরিতে অনুষ্ঠিত হবে।
সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি বিনাজুরিতে জন্মগ্রহণ করেন। কচিকাঁচার আসর, খেলাঘরসহ বিভিন্ন শিশুকিশোর পাতায় তিনি লেখালেখি শুরু করেন।
প্রায় ছয়দশক ধরে বাংলা ছড়া সাহিত্যে অবদান রাখা সুকুমার ২০১৭ সালে একুশে পদক পান। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদকে ভূষিত হন।
সুকুমার বড়ুয়ার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া, ঠুসঠাস্, নদীর খেলা, আরো আছে, ছড়া সমগ্র, ঠিক আছে ঠিক আছে, কোয়াল খাইয়ে, ছোটদের হাট, লেজ আবিষ্কার।