১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নিজ বাসা থেকে ১ জনের রক্তাক্ত লাশ উদ্ধার

কী কারণে মোস্তাককে খুন করা হয়েছে, সেটি আমরা খতিয়ে দেখছি, বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 11:51 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে ষাটোর্ধ এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে নগরীর হালিশহর ছোটপুল এলাকার ব্রিকফিল্ড রোডের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির নাম মো. মোস্তাক।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. মোস্তাক  নামে ওই ব্যক্তিকে নিজ ঘরে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তাকে উপর্যপুরি  ছুরিকাঘাত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “কী কারণে মোস্তাককে খুন করা হয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি জয়নাল।

পুলিশ জানায়, নিহত মোস্তাকের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে।  তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।

রাতে তার স্ত্রী কারখানা থেকে ফিরে বাসার দরজা খোলা পান। ভেতরে গিয়ে দেখেন, মেঝেতে মোস্তাকের রক্তাক্ত দেহ পড়ে আছে।