১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাড়িতে ১১৯৯ বোতল ফেনসিডিল, চালকের যাবজ্জীবন

তদন্তে দেখা যায়, জাফর তার গাড়ি দিয়ে বিভিন্ন সময় চট্টগ্রামে মাদক পরিবহন করতেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

চট্টগ্রামে ৯ বছর আগে ফেনসিডিলসহ গ্রেপ্তার এক গাড়ি চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এই রায় দেন। 

দণ্ডিত আসামি মো. জাফর পলাতক। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার মো. হাশেমের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাফরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার নথিতে বলা হয়েছে, ২০১৮ সালের ১২ মার্চ নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে জাফরের প্রাইভেটকারে তল্লাশি করে ১১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৭। 

ওই ঘটনায় র‍্যাব-৭ এর সে সময়ের ডিএডি পুলিশ পরিদর্শক অমল চন্দ আকবর শাহ থানায় মামলা করেন। 

মামলার তদন্তে দেখা যায়, জাফর তার গাড়ি দিয়ে বিভিন্ন সময় চট্টগ্রামে মাদক পরিবহন করতেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

মামলায় মোট পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি জাফরের বিরুদ্ধে রায় দেয়।