পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
“বাড়ির কাছে আলাদা একটা ঘরে রাতে ছিলেন হিরু, সেখানে ভোরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা।”
চট্টগ্রামের পটিয়ায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকা থেকে ৪৭ বছর বয়সী সামশেদ হিরুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন।
হিরু চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শোভনদণ্ডী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ির কাছে আলাদা একটা ঘরে রাতে ছিলেন হিরু। সেখানে ভোরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তারা সেখান থেকে তাকে নামিয়ে ফেলেন।”
পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি নুরুজ্জামান।
এটি আত্মহত্যা নাকি অন্য কোনোভাবে হিরুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
