Published : 30 Dec 2025, 05:52 PM
কনকনে শীতের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এক শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারকারী ব্যক্তির পরিবারের কাছে রাখা হয়েছে।
মঙ্গলবার বিকাল পর্যন্ত শিশু দুটির মা-বাবার খোঁজও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
এর আগে প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিশু দুটির প্রাথমিক প্রয়োজন মেটাতে জেলা প্রশাসনের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে জেলা প্রশাসন।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় সড়কের পাশ থেকে দুই ভাইবোনকে উদ্ধার করেন স্থানীয় এক অটোরিকশা চালক।
শিশু দুটির মধ্যে মেয়েটির বয়স সাড়ে তিন বছর। ছেলেটির বয়স ১৪ মাস। উদ্ধার হওয়া মেয়ে শিশুটির নাম আয়েশা। ছেলেটির নাম মোরশেদ। উদ্ধারের পর রোববার রাতে শিশু দুটি উদ্ধারকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মহিম উদ্দিনের বাসায় ছিল।
এ খবর সংবাদমাধ্যমে আসার পর মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা আনোয়ারার নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। পরে শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
জেলা প্রশাসক শিশুদের অসুস্থতা ও দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসা ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ছোট ছেলে শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
"শিশুটির শরীর ভালো না। আর মেয়ে শিশুটিকে উদ্ধারকারী পরিবারের কাছে রাখা হয়েছে।"
মঙ্গলবার জেলা প্রশসাকের কার্যালয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার এবং শিশু দুটিকে উদ্ধারকারী মহিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।