১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু দুটি সড়কের পাশে বসে শীতে কাঁপছিল

“মেয়েটি নিজের নাম আয়েশা; ভাইয়ের নাম মোরশেদ— এটুকু বলতে পেরেছে,” বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 12:36 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় সড়কের পাশ থেকে দুটি শিশুকে উদ্ধার করেছেন স্থানীয় এক অটোরিকশা চালক।

রোববার সন্ধ্যায় শিশু দুটিকে উদ্ধার করা হয়। শিশু দুটির মধ্যে মেয়েটির বয়স সাড়ে তিন বছর; ছেলেটির ১৪ মাস।

উদ্ধারের পর রোববার রাতে শিশু দুটি উদ্ধারকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মহিম উদ্দিনের বাসায় ছিল। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে ভাই-বোন হয়।

সোমবার স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার মহিম উদ্দিনের পরিবারের কাছে রাখা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার সোমবার রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশু দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেয়েটি মোটামুটি সুস্থ আছে। ছেলেটির কিছু জন্মগত রোগ আছে বলে ডাক্তার জানিয়েছেন। এছাড়া ছেলে শিশুটির পিঠে পুরনো ঘায়ের দাগ আছে।

"প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধারকারীর পরিবারের কাছেই আজ শিশু দুটিকে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় ওষুধ এবং আর্থিক সহায়তা উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে।"

উদ্ধারকারী মহিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় সড়কের পাশে বসে শিশু দুটিকে শীতে কাঁপতে দেখে তিনি কাছে যান। তাদের সঙ্গে কথা বলে পরে নিজ বাড়িতে নিয়ে যান।

শিশু দুটি সেখানে কীভাবে এলো, এ বিষয়ে তাহমিনা আক্তার বলেন, "অনেকে অনেক কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা তাদের অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করছি। মেয়েটি নিজের নাম আয়েশা ও ভাইয়ের নাম মোরশেদ, এটুকু বলতে পেরেছে।

"মায়ের নাম একবার এক রকম বলছে। যতটুকু এখন পর্যন্ত জেনেছি, তাদের মা এই শিশু দুটিকে নিয়ে আনোয়ারাতেই কোনো এক জায়গায় ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিকভাবে যা জেনেছি, তাদের মা শিশু দুটিকে এখানে রেখে গেছেন।"

শিশু দুটির অভিভাবক খুঁজে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "যদি কাউকে পাওয়া না যায়, তখন সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা করা হবে।"