ফটিকছড়িতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
“যারা পিটিয়েছে এবং পিটুনির শিকার- দুই পক্ষই একই এলাকার বাসিন্দা,” বলেন ওসি নুর আহমদ।
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটুনিতে আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার ভোর ৬টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিহান উদ্দিন মহিন (১৫) ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমানের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিন তার দুই বন্ধুসহ সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় তাদের বয়সী কিছু ছেলে তাদের আটক করে গাছের সাথে বেঁধে পিটুনি দেয়। ঘটনাস্থল থেকে আমরা গাছে বাঁধা অবস্থায় মহিনের লাশ উদ্ধার করি।”
তিনি বলেন, “যারা পিটিয়েছে এবং পিটুনির শিকার- দুই পক্ষই একই এলাকার বাসিন্দা। কী কারণে এ ঘটনা ঘটেছে, আমরা তদন্ত করছি।”
স্থানীয় সাংবাদিকরা জানান, চোর সন্দেহে তাদের ধরে এনে পেটানো হয়। পিটুনিতে আহত মানিক ও রাহাতকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
