Published : 18 Jul 2026, 06:39 PM
চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে এক এসআইর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার সকালে বিছানায় শোয়া অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই আজিজুল হকের (৫৫) বাড়ি যশোরে। শুক্রবার সকালেও তিনি ডিউটি করেছিলেন। রাত ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে চা পান করে ঘুমাতে যান।
“সকালে এক সহকর্মী টেলিফোনে তাকে না পেয়ে ব্যারাকে খুঁজতে যায়। এ সময় মশারি টাঙানো বিছানায় শোয়া অবস্থায় ছিলেন আজিজুল। ডাকার পরও সাড়া না দেওয়ায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ইসিজি করে আজিজুল হককে মৃত ঘোষণা করেন।
“থানায় তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনে জানাযা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
এসআই আজিজুল হক দুই মাস আগে লোহাগাড়া থানায় যোগ দেন। তার চাকরির বয়স হয়েছিল ৩২ বছর বলে তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার।