০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রশাসনের কর্তৃত্ব না থাকায় বাড়ছে ধর্ষণ: মেয়র শাহাদাত

“ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে একটা বৈধ সংসদে,” বলেন মেয়র শাহাদাত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

প্রশাসনের কোনো কর্তৃত্ব না থাকায় দেশে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করেন চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন। 

মঙ্গলবার নগরীর লালখান বাজার মোড়ে মহিলা দলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই মানুষ তাদের সকল মৌলিক অধিকার হারিয়েছে। 

“১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেশে বর্তমানে কোথাও নারীদের নিরাপত্তা নেই।”

চট্টগ্রামের এ বিএনপি নেতা বলেন, “প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে।”

“ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে একটা বৈধ সংসদে,” বলেন মেয়র শাহাদাত। 

মাগুরার আট বছরের শিশু ধর্ষণকারীকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধী অপরাধ করার আগে আইনের প্রয়োগ যদি ঠিকঠাক থাকত, আইনের শাসন যদি প্রয়োগ করা হতো, তাহলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। 

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। 

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সকিনা বেগম, সহ সভাপতি মারিয়া সেলিম, আশরাফী বিনতে মোতালেব, রেনুকা বেগম, রেজিয়া বেগম মুন্নী, মাহমুদা আক্তার ঝর্ণা, ফারহানা জসিম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগমর রাবু, যুগ্ম সম্পাদক শামসুন্নাহার প্রেমা, জাহানারা চৌধুরী, কামরুন নাহার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, ফারহানা রোজা, হাবিবা বেগম।