২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হোটেলের কক্ষে ঝুলছিল এএসআইয়ের লাশ, পাশেই স্ত্রী আহত

“প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।”

হোটেলের কক্ষে ঝুলছিল এএসআইয়ের লাশ, পাশেই স্ত্রী আহত
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 04:06 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ ও আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। 

মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলাক্স জোন নামে একটি আবাসিক হোটেল থেকে সোমবার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত ৩৫ বছর বয়সি আমিনুল ইসলাম রাঙামাটি জেলা পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী জানিয়েছেন, হোটেল রুম থেকে এএসআই  আমিনুলের ঝুলন্ত লাশের পাশাপাশি তার স্ত্রীকে আহত অবস্থায় এবং ১০ মাস বয়সী কন্যা শিশু সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত আমিনুল রোববার দুপুর ২টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে উঠেছিলেন। 

“আজকে (সোমবার) হোটেলে চেক আউটের সময় হওয়ায় হোটেল ম্যানেজার রুমের দরজা ধাক্কা দিলে ভেতর থেকে তার স্ত্রী আহত অবস্থায় এসে দরজা খুলে দেন। এসময় ঝুলন্ত অবস্থায় আমিনুলকে দেখে পুলিশকে খবর দেন।” 

সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদস্যের স্ত্রীর মুখ ফোলা ও বাঁকা হয়ে গেছে।”

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সহকারী পুলিশ সুপার জানিয়েছেন।

আর ১০ মাস বয়েসী শিশুটিকে তার নানী ও মামার জিম্মায় দেওয়া হয়েছে।