Published : 23 Jul 2023, 09:30 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আইনি বাধ্যবাধকতার কারণে কয়েকটি আসনে উপনির্বাচন করতে হলেও তার একটি সুফল দেখছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলছেন, এই উপনির্বাচনগুলো আয়োজনের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের এক ধরনের মহড়া হয়ে যাচ্ছে।
চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের প্রস্তুতি দেখতে রোববার চট্টগ্রাম যাওয়ার পর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আগামী ৩০ জুলাই এই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। কয়েকদিন আগে ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়েছে। এরপর আগামী ২ সেপ্টেম্বর নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্য মারা যাওয়ায় তিনটি আসনে উপনির্বাচন হয়েছে বা হচ্ছে।
আনিছুর বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে আইনি বাধ্যবাধকতার জন্য এ নির্বাচন করতে হচ্ছে। আমাদের জন্য মহড়াও হয়ে যাচ্ছে।”
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত নয় শতাধিক নির্বাচন হয়েছে জানিয়ে তিনি বলেন, “সবখানেই আমাদের একই বার্তা ছিল, ভালোমন্দ আপনারাই বিবেচনা করবেন। কোনো মহল থেকে বিরূপ কোনো মন্তব্য আমরা এখনও পাইনি।
“আমাদের চাওয়া হল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এর জন্য সকলকে সতকর্তার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।”
সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও বিএনপিসহ তাদের মিত্র দলগুলো এখনও ইসির উপর আস্থাবান নয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি বলছে, সরকারকে যেমন পদত্যগ করতে হবে, তেমনি ইসিও পুনর্গঠন করেতে হবে।
চট্টগ্রামে উপনির্বাচনের পরিবেশ দেখে সন্তোষ জানিয়ে আনিছুর বলেন, “কোনো প্রকার ঝুঁকির শঙ্কা করছে না কেউ। প্রার্থীরা সুন্দরভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ভোট পর্যন্ত ঠিক থাকবে বলেই প্রত্যাশার এবং সুষ্ঠু সুন্দর ভোট হবে।”
চট্টগ্রাম-১০ আসনের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজও চলছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক কেন্দ্রে চার-পাঁচদিনের মধ্যে ক্যামেরা বসে যাবে।
উপনির্বাচন গত কয়েকটি নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। চট্টগ্রামেও একই আশঙ্কা করা হচ্ছে।
এনিয়ে এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, “ভোটার উপস্থিতি আমাদের দায়িত্ব না বা সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব না। ভোটারদের উপস্থিতি প্রার্থীরা নিশ্চিত করবেন।
“জাতীয় নির্বাচনের প্রাক্কালে উপনির্বাচন হচ্ছে। সেকারণে আগ্রহ হয়ত কিছুটা কম থাকবে।”