১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৫ মাস পর গ্যাস পেল সিইউএফএল, উৎপাদন আগামী সপ্তাহে

চট্টগ্রামের এ কারখানায় পুরোদমে সার উৎপাদনের সময় দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:21 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাষ্ট্রায়াত্ত এ সার কারখানায় ৬ মিলিয়ন ঘটফুট করে গ্যাস দেওয়া হচ্ছে। তবে সার উৎপাদন শুরু হতে আরও কিছু সময় লাগবে।

সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকদিন পর আজ সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এরপর থেকে যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষাসহ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে।

“সব ঠিক থাকলে, আশাকরি ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরু করতে পারব। এখন আমাদের যতটুকু গ্যাস লাগছে ততটুকু সরবরাহ পাচ্ছি।”

গ্যাস সংকটের কারণে চলতি বছরের ৪ মার্চ সিইউএফএল বন্ধ হয়ে যায়। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেছে। 

সার উৎপাদন শুরুর প্রস্তুতির জন্য এখন গ্যাস কম লাগলেও পুরোদমে চালুর সময় দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগবে। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় স্থাপিত সিইউএফএলে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন করা হয়। 

প্রায় ৩৮ বছর বয়সি কারখানাটি গত দুই বছর ধরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণেও কয়েক দফায় বন্ধ ছিল। 

বর্তমানে এই সার কারখানার উৎপাদন সক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ টন ইউরিয়া ও ৮০০ টন অ্যামোনিয়া।