২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসু হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: উপাচার্য

‘শতভাগ স্বচ্ছভাবে’ ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় যেটুকু লাগে সে সময়টা দিতে হবে বলে মন্তব্য করেছেন উপ-উপাচার্য কামাল উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 10:57 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

সাড়ে তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যে নির্বাচন হচ্ছে, তাকে আগামী জাতীয় নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বুধবার সকালে ভোট শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের আইটি বিল্ডিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বহুল প্রতীক্ষিত এই চাকসু নির্বাচন। প্রায় তিন যুগ নির্বাচন হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণ শুরু হয়েছে। সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। 

“এটা শিক্ষার্থীদের নির্বাচন। তারা চাইছে এই নির্বাচন। প্রচারের সময় চমৎকারভাবে প্রচার হয়েছে। কাউকে কোনো বাধা দেয়া হয়নি। কোড অব কনডাক্ট মেনে তারা চমৎকার নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রেখেছে। নির্বাচনের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। এই কৃতিত্ব তাদের।” 

নিরাপত্তা, যাতায়াতসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে উপচার্য বলেন, “এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।”

বুধবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজারের বেশি ছাত্র-ছাত্রী এ নির্বাচনে ভোটার।

পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চাকসুতে ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।

চাকসুর মোট ব্যালট পেপার চার পৃষ্ঠার। হল ও হোস্টেল সংসদের ব্যালট পেপার এক পৃষ্ঠার। ব্যালটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে। বৃত্ত ভরাট করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।

উপাচার্য বলেন, “বৃত্ত ভরাট করার ব্যবস্থা রেখেছি কারণ ক্রস দেওয়া থাকলে অনেক সময় অনেক রকম অসুবিধা হতে পারে। শুধু একটা জিনিস আমাদের মাথায় বেশি ছিল, ছাত্রদের কীভাবে ভোট দিতে সুবিধা, তাদের সুবিধা কীভাবে হবে, কী প্রয়োজন লাগবে। সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। 

“সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তারা তাদের যাতে এজেন্ট থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কিনা সেটা আপনারাই দেখুন।”

এক প্রশ্নের জবাবে উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, “প্রথমত আমি বলি ডাকসু নির্বাচন আর চাকসু নির্বাচন। ওটা উনাদের নির্বাচন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের ভোটার, আমাদের অবস্থা সেটার উপর নির্ভর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন করছি। 

“আপনারা বললেন যে ডাকসুকে ফলো করছে কিনা। সেটা আমরা করি নাই। বাট তাদের থেকে আমরা এক্সপেরিয়েন্স নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো সমাধান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থাগুলো আমরা তৈরি করেছি।”

তিনি বলেন, “প্রথমত হচ্ছে যে, আমাদের যে ছবিযুক্ত ভোটার, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি। আমরা করেছি এবং এটা অনেক কষ্টসাধ্য কাজ, সেটা আমরা সমাধান করেছি। দ্বিতীয় হচ্ছে, সেখানে যে ওএমআর মেশিন, সেখানে ওএমআর মেশিন পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি। যার কারণে আমরা যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোট গণনা করতে পারি, আমরা মাল্টিপল চেক, সেটা আমরা করেছি। 

“আর আমাদের ভোট গ্রহণ থেকে মোট গণনা পর্যন্ত যে প্রক্রিয়া, প্রত্যেক প্রক্রিয়ায় তো আপনি একজন পার্ট। আপনি আমাদের সাথে থাকবেন, আপনারা দেখবেন আমরা অযথা বিলম্ব করছি কিনা।”

কামাল উদ্দিন বলেন, “আমাদের নির্বাচনটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলছি। কেন ইনক্লুসিভ? সেখানে শুধু কে কাকে ভোট দিচ্ছে সেটা ছাড়া, পুরো প্রসেসের সাথে আপনিও আমাদের সহযাত্রী।” 

‘শতভাগ স্বচ্ছভাবে’ ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় যেটুকু লাগে সে সময়টা দিতে হবে বলে মন্তব্য করে উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, “আমরা ত্রুটিযুক্ত কাজ করতে চাই না। আন্তরিকভাবে চেষ্টা করে নিখুঁতভাবে কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দিতে হবে।”