২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোভাযাত্রা ও সমাবেশে বিজয় দিবস উদযাপন চট্টগ্রাম নগর বিএনপির

“জিয়াউর রহমানের হাত ধরে যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, তা ধ্বংস করতে বারবার ষড়যন্ত্র হয়েছে,” বলেন শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। 

মঙ্গলবার দুপুরে পুরাতন রেল স্টেশন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে লালদীঘি পাড়ে গিয়ে শেষ হয়। 

রাত ৮টার পর নগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যালি ও সমাবেশের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়। 

সমাবেশে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার আহ্বানে ১৯৭১ সালে গোটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 

“একই সঙ্গে শ্রদ্ধা জানাই সব জাতীয় নেতা ও বীর শহীদদের, যাদের ত্যাগ ও আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।”

তিনি বলেন, “১৯৭১ সালে যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জনগণ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, বিজয়ের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজও পূরণ হয়নি। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনও সক্রিয়। 

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, তা বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলায় লাখো মানুষকে হয়রানি করে রাষ্ট্রকে কার্যত দমন-পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছিল।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ও চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার।