১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে পরীক্ষায় বসছে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী

এই বোর্ডে এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ৩৩৮ জন; যার মধ্যে ৫২ হাজার ১৩৪ জন ছাত্রী ও ৪০ হাজার ২০৪ জন ছাত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 07:54 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে অংশ নেবেন এক লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বোর্ডে এ বছর ১২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৭৩জন ছাত্রী। 

বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।  

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ‘ব্যবসায় শিক্ষা’ শাখায়। এ বিভাগে ৫১ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে; এর মধ্যে ২৪ হাজার ৫৭৮ জন ছাত্রী ও ২৭ হাজার ১৭২ জন ছাত্র। 

অপরদিকে সবচেয়ে কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন। এর মধ্যে ১৯ হাজার ৫৪৯ জন ছাত্রী ও ১৫ হাজার ৪৪২ জন ছাত্র। 

মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেবে ৪৩ হাজার ৯৮৩ জন; এর মধ্যে ৩০ হাজার ২৪৬ জন ছাত্রী ও ১৩ হাজার ৭৩৭ জন ছাত্র। 

চট্টগ্রাম বোর্ডের অধীনে এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ৩৩৮ জন; যার মধ্যে ৫২ হাজার ১৩৪ জন ছাত্রী ও ৪০ হাজার ২০৪ জন ছাত্র। 

সবচেয়ে কম পরীক্ষার্থীর সংখ্যা বান্দরবান জেলায় ৩ হাজার ৯৭৪ জন। 

এছাড়া কক্সবাজার জেলায় ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৪১৭ ও খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।   

মোট কেন্দ্রের মধ্যে ১২৬টি চট্টগ্রাম জেলায়, ৩২টি কক্সবাজার, ২১টি রাঙামাটি, ২৪টি খাগড়াছড়ি ও ১৫টি বান্দরবানে। 

মঙ্গলবার এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী