১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

“নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে,” বলেন পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন হায়দার।

মঙ্গলবার এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছেন দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। 

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে মঙ্গলবার শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষা দিয়ে। ২৪ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

এদিন ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৭ থেকে ২১ মে তাদের ব্যবহারিক পরীক্ষা ও ১ থেকে ১৮ জুন ‘বাস্তব প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে। 

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এসব পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষা দেবেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এবারই প্রথমবারের মত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা।

এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।