১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মাদকের আসামিকে পিটিয়ে হত্যা

আগের দুইটি খুনের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 03:21 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড স্থানীয়দের 'গণ পিটুনিতে' এক ব্যক্তি নিহত হয়েছে।

উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. ইরান (৪৫) মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইরান ‘পেশাদার মাদক কারবারি’ ছিলেন এবংতার বিরুদ্ধে মাদকের মামলাও দায়ের আছে বলে পুলিশের ভাষ্য।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এপ্রিল মাসে একজনকে ও ১৯ জুলাই ইরান তার এক সহযোগীকে পিটিয়ে খুন করে। এর জেরে স্থানীয়রা তাকে পিটিয়ে মেরেছে।"

ইরান ‘পেশাদার মাদক কারবারি’ জানিয়ে ওসি বলেন, “মাদক ব্যবসার বিরোধে ইরান গত ১৯ জুলাই নাঈম নামে তার এক সহযোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার নাঈমের মৃত্যু হয়।

নাঈমকে মারধরের বিষয়টি তার পরিবার গোপন রেখেছিল। শনিবার মারা যাবার পর তার বাবা ইরানকে অভিযুক্ত করে মামলা করেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

"আমরা গতকাল ইরানকে ধরতে অভিযান করেছিলাম। তার আগে স্থানীয় লোকজন বাদশা ও আলতাফ নামে ইরানের দুই সহযোগীকে পিটুনি দিয়েছিল। তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করাই।"

ওসি মহিনুল বলেন, “আমাদের ধারণা পুলিশ এলাকা থেকে চলে আসার পর ইরান এলাকায় গিয়েছিল। তখন স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেয়।”

 খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন তিনি।