সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু
শনিবার গভীর রাতে লাকড়িবোঝাই একটি চাঁদের গাড়ি মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি আহত হন।
হাটহাজারীতে দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ মারা গেছেন।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয় বলে চাকসুর এজিএস এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক জানান।
ইতিহাস বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার গভীর রাতে হাটহাজারী উপজেলার চাড়িয়া বুড়ি পুকুর পাড় এলাকায় দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেল আরোহী আরিফ।
লাকড়িবোঝাই একটি চাঁদের গাড়ি তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে আরিফের সঙ্গী হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান চৌধুরী (৪২) মারা যান।
গুরুতর আহত আরিফকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হল।
পুরনো খবর
