১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাসার দরজার সামনে ‘ছুরিকাঘাতে’ যুবক খুন

প্রতিবেশী একজনের সঙ্গে অন্যদের ‘মোটরসাইকেল আটকে’ রাখার ঘটনায় প্রাণ যায় এ যুবকের।

চট্টগ্রামে বাসার দরজার সামনে ‘ছুরিকাঘাতে’ যুবক খুন
প্রতীকি ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

চট্টগ্রামে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবকের ‘ছুরিকাঘাতে’ আরেক যুবক খুন হয়েছেন।

শুক্রবার রাতে নগরীর হালিশহর মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. আকবর (৩৫) ওই এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সদস্যরা রাত ১১টার দিকে আকবরকে হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকবরের ছোট বোন সায়মা ঘটনার বর্ণনা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিবেশী রানা নামে এক যুবক পাওনা টাকা আদায়ের জন্য তার এক বন্ধুর মোটরসাইকেল রেখে দিয়েছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, পরে তাকে ছুরিকাঘাত করা হয়।

সায়মার দাবি, “যার মোটরসাইকেল আটকে রাখা হয়েছিল তিনি কিছু লোকজন ডেকে আনেন। পরে কয়েকটি মোটরসাইকেলে করে আসা ওইসব লোক গালিগালাজ করে আমার ভাইকে ছুরিকাঘাত করে। তারা ব্যাগে করে ধারালো অস্ত্রও নিয়ে এসেছিল।”

তার অভিযোগ, সোহেল নামে স্থানীয় এক ‘সন্ত্রাসী’ এ হামলার নেতৃত্ব দেন এবং আকবরকে আঘাত করেন।

এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।