২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা নিরসনে ‘কুইক রেসপন্স টিম’ চান মেয়র, সম্মত সিডিএ

সভায় বারইপাড়া খাল খনন প্রকল্পের পরিচালক ফরহাদুল আলম প্রকল্পের অগ্রগতি এবং জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কার্যক্রম তুলে ধরেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 09:21 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নকারী ও সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রস্তাব দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র। তাতে সম্মত হয়েছেন সিডিএ চেয়ারম্যানও। 

সোমবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প সমূহের অগ্রগতি সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এই প্রস্তাব দেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

তাতে সম্মতি দিয়েছেন জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। 

তবে মেয়র রেজাউল বলেছেন, এবারও বর্ষায় পানি উঠবে। কিন্তু পানি যাতে বেশিক্ষণ না থাকে সেই লক্ষ্যে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। 

আর সিডিএ চেয়ারম্যান ইউনুছ বলেছেন, এ বর্ষায় যাতে পানি না উঠে সেই চেষ্টাই করবেন তিনি। 

সভায় মেয়র রেজাউল বলেন, “আরো দুই মাস সময় আছে বর্ষা আসার আগে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএ, জলাবদ্ধতার মেগা প্রকল্পের পূর্ত কাজ পরিচালনাকারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বন্দরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে একটি শক্তিশালী কুইক রেসপন্স টিম গঠন করতে হবে।

“যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। যাতে কেউ কারো দিকে তাকিয়ে না থাকে। পানি উঠবেই কিন্তু পানি দ্রুত নেমে যেতে হবে। এখন দুবাই শহরেও পানি উঠে। নিউইয়র্কেও পানি উঠে। কিন্তু দ্রুত যেন নেমে যায় সে ব্যবস্থা করতে হবে।”

সভায় সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, “খাল থেকে শুধু কিছু মাটি তুললে হবে না। খালের মাটি স্পেসিফিকেশন অনুসারে উত্তোলন করতে হবে। ময়লা পরিষ্কার করে যদি খাল গভীর করতে পারি তাহলে মানুষ জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে। 

“পাহাড় কাটা মাটি যেখান দিয়ে খালে নামে সেখানে সিল্টট্র্যাপ (বালির ফাঁদ) দিতে হবে। মূল খালের মাটি অপসারণ ও উপ-খালের মুখ মুক্ত করতে হবে। নালা আমরা পরিষ্কার করব।” 

সভায় সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, “ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে নালাগুলোতে থাকা ওয়াসার পাইপসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে সিডিএ’র প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি। চট্টগ্রামে জলাবদ্ধতা না শুধু জলোচ্ছাস হত। অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে এটা হত। এখন অনেক স্লুইস গেট করা হয়েছে। কিন্তু পাম্প করার সময় যদি পলিথিন বা আবর্জনা চলে আসে তাহলে পানি কীভাবে নামবে? 

“সিটি করপোরেশনের কাজ বলে আমরা বসে থাকবো না। একসাথে কাজ করব। কিছু খাল থেকে তোলা মাটি রয়ে গেছে, সরিয়ে নিব। এবার যাতে পানি না উঠে সে চেষ্টা করব অবশ্যই। না হলে প্রধানমন্ত্রী বলবেন, তোরা আমার কর্মী, তোদের দায়িত্ব দেয়ার পরও কেন চট্টগ্রামবাসী পানিতে ডুবছে? পানি উন্নয়ন বোর্ডের কাজ মনে হয় একটু ধীরে এগুচ্ছে। সেটা যেন দ্রুত হয়। পলিথিন বন্ধে একসাথে কাজ করব।” 

সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, “সিডিএ খাল খননের প্রকল্প শেষ হওয়ার পর তা সিটি করপোরেশনকে বুঝিয়ে দিবে শুনছি। কিন্তু এ প্রকল্প পরবর্তীতে ব্যবস্থাপনার জন্য তাদের আলাদাভাবে ফান্ড এবং কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। অন্যথায় এ প্রকল্পের সুফল পাওয়া যাবেনা। 

“শহরে খাল ছিল ৭৬ টা৷ এখন ৫৭টা। বাকিগুলোর কোনো অস্তিত্ব নেই। আমাদের মাস্টারপ্ল্যানে সব ডিটেইল আছে। কোন খালে কত গভীরতা করতে হবে। কত মাটি তুলতে হবে। কত সিল্টট্র্যাপ করতে হবে সব ডিটেইল দেয়া আছে। খালগুলোতে চারশ/পাঁচশ ফুট পরপর নেট বসিয়ে দেন। কেন বসাচ্ছে না, জানি না।”

সভায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, “প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন অপচনশীল দ্রব্য খাল-নালায় গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এজন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ যাতে প্লাস্টিক-পলিথিন ইত্যাদি রিসাইক্লিংএ যাতে এগিয়ে আসে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।” 

সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি বলেন, “প্লাস্টিক-পলিথিন এখন জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। আমরা বিভিন্ন খাল-নালা পরিষ্কার করার পর দেখা যাচ্ছে ১০ দিনের মধ্যে আবারো প্লাস্টিক-পলিথিনে সে খাল ভরাট হয়ে যাচ্ছে। কর্ণফুলী নদীর নাব্যতাও এখন পলিথিনের কারণে হুমকির মুখে।”

সভায় বারইপাড়া খাল খনন প্রকল্পের পরিচালক ফরহাদুল আলম প্রকল্পের অগ্রগতি এবং জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কার্যক্রম তুলে ধরেন। 

সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আফরোজা কালাম, কাউন্সিলরবৃন্দসহ নগরীর বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।