১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

“ট্রেন ধীরগতিতে প্ল্যাটফর্মে প্রবেশের সময় তিনি নামার চেষ্টা করলে পড়ে যান।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির প্রাণ গেছে।

মঙ্গলবার বিকালে ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়টির চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব জানান।

নিহত ৬৫ বছর বয়সী নুরুল আমিন বিশ্ববিদ্যালয় রেল স্টেশন সংলগ্ন কলোনির বাসিন্দা।

মেডিকেল অফিসার আবু তৈয়ব বলেন, “শিক্ষার্থীরা বিকালে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন; তবে তার আগেই তিনি মারা যান।”

সুমিত নামে রেল স্টেশন এলাকার এক ব্যবসায়ী বলেন, “নুরুল আমিন ট্রেনে করে ক্যাম্পাসে এসেছিলেন। ট্রেন ধীরগতিতে প্ল্যাটফর্মে প্রবেশের সময় তিনি ট্রেন থেকে নামার চেষ্টা করেন।

“এসময় প্ল্যাটফর্ম ও ট্রেনের লাইনের মাঝের সরু ফাঁকার মধ্যে পড়ে গিয়ে কাটা পড়েন।”