২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজভাঙ্গা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ‘জাহাজভাঙা শ্রমিক সেইফটি কমিটির’ মানববন্ধন হয় এদিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 12:24 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

জাহাজভাঙ্গা শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার ‘জাহাজভাঙা শ্রমিক সেইফটি কমিটির’ মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

তপন দত্ত বলেন, “প্রতিনিয়ত দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাসের সংস্পর্শ এবং সুরক্ষা সরঞ্জামের অভাবে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”  

এ ক্ষেত্রে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, ২৩টি গ্রিন ইয়ার্ড প্রতিষ্ঠিত হওয়া এবং বাংলাদেশে ২০২৫ সালের ২৬ জুন থেকে হংকং কনভেনশন বাস্তবায়ন বাধ্যতামূলক হওয়ার পরও দুর্ঘটনা কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। 

তিনি বলেন, “শুধু আন্তর্জাতিক কনভেনশন গ্রহণ করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন এবং কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকদের জীবনঝুঁকি কমবে না।”

সেইফটি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং বিলস চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেটর ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাহাজভাঙা শ্রমিক সেইফটি কমিটির সদস্য সচিব মো. আলী, যুগ্ম সদস্য সচিব মো. ইদ্রিস বক্তব্য দেন।