১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের খুঁটি ছিল বিদ্যুতায়িত, স্পর্শ করে নারীর মৃত্যু

স্থানীরা বলেছেন, রাতে বৃষ্টি হওয়ায় ওই এলাকায় পানি জমে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের খুঁটি হয়েছিল বিদ্যুতায়িত। আর সেই খুঁটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী মারা গেছেন।

নগরীর চকবাজারের মেহেদীবাগ ১ নম্বর গলিতে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মারা যাওয়া ৪৫ বছর বয়সী নারী জান্নাতুল ফেরদৌস রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ সিরাজের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক এ তথ্য জানিয়েছেন।

এসআই আশেক বলেন, মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালের বিপরীত দিকের গলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“তিনি রাতে ওই এলাকায় কেন গিয়েছিলেন তা পুলিশ জানাতে পারেনি।“

স্থানীয়রা বলেছেন, রাতে বৃষ্টি হওয়ায় ওই এলাকায় পানি জমে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।