১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাইকারি ও খুচরা দামে ‘অযৌক্তিক’ ব্যবধান কেন? অনুসন্ধানে কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী

‘দামী ও বিলাসী’ ফল আমদানিতে শুল্ক কমানোর প্রয়োজনীয়তা নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

পাইকারি ও খুচরা বাজারে ভোগ্যপণ্যের দামের ‘অযৌক্তিক’ ব্যবধানের  কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ কমিটি দামের ব্যবধানের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেছেন।

এর আগে তিনি খাতুনগঞ্জের বিভিন্ন পাইকারি দোকানে ঘুরে  দ্রব্যমূল্য পরিস্থিতি দেখেন।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য’ দামের ব্যবধান দেখা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং প্রয়োজন হলে অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে। 

আব্দুল মুক্তাদির বলেন, “আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি বা পরিবহন ব্যয় বেড়ে গেলে এর প্রভাব দেশের বাজারে পড়া স্বাভাবিক। 

“তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণজনিত কোনো কারণে যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।”

সভায় ‘দামী ও বিলাসী’ ফল আমদানিতে শুল্ক কমানোর প্রয়োজনীয়তা নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, কিছু ফল রয়েছে যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। যেমন-আপেল, আঙ্গুর ও কমলা। এসব ফলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনে নীতিগত পদক্ষেপ বিবেচনা করবে। 

এদিকে বাজার তদারকির কারণে ব্যবসায়ীরা যেন ‘অযথা হয়রানির’ শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের মূল চালিকাশক্তি ব্যবসায়ীরাই। সরকারের কাজ হল ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং বাজার যেন বাধাহীন ও স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করা।” 

চলতি রমজান মাসে ভোজ্যতেলের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল আছে দাবি করে মন্ত্রী বলেন, “এটি গত কয়েক দশকের তুলনায় ইতিবাচক উদাহরণ।”

আগের বছরগুলোর তুলনায় এবারের রমজানে ভোজ্য তেলের বাজার স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ তিনি। 

তবে কোথাও কোথাও ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ‘সীমিত বিক্রির’ অজুহাতে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। 

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুস সালালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, চট্রগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।