চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে রাখে।
চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে বুধবার রাতে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তার ৪৪ বছর বয়সী মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন।
পুলিশ বলছে, পতেঙ্গা খেজুর তলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকুরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে কোরআন পড়াতেন।
পতেঙ্গা থানার এসআই ইমরান হোসেন বলেন, “শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে কোরআন পড়াতেন। সে সকালে তার কাছে পড়তে গেলেও গত কয়েকদিন ধরে রাতে আসতে বলা হয়।
“বুধবার রাতে ওই শিশু তার কাছে পড়তে যায়। সেসময় তিনি তাকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।”
ধর্ষণের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে শিশুটির পরিবার ওই ঘটনায় থানায় মামলা করে।
