১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পে গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে বুধবার রাতে তার ঘরে দুই জন রোগী এসেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙামাটিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী আবুল মনছুর ঝাড়ফুঁক, কবিরাজি করতেন। মনছুরের বাড়ি হারুয়ালছড়ি ইউনিয়নের কাজীরহাটে। 

মুজিববর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে তৈরি রাঙামাটিয়া আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন মনছুর। তবে তার পরিবারের সদস্যরা সেখানে থাকতেন না। মনছুর মাঝেমধ্যে এসে থাকতেন বলে পরিবারের কাছ থেকে পুলিশ জেনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “আশ্রয়ণ প্রকল্পে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা তালা ভেঙে সেখানে ঢুকে মনছুরের গলাকাটা লাশ দেখতে পায়।”

প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জেনেছে, গত বুধবার রাতে তার ঘরে দুই জন রোগী এসেছিলেন বলে তারা দেখেছেন। এরপর থেকে ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।