বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম
এ ঘটনায় ওই নেতার মা আহত হয়েছেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে ঢুকে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করার পর কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহত বিএনপি নেতা ওসমান গণি (৪২) সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার মাও আহত হয়েছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ওসমান গণি বাড়িতে বিশ্রামে ছিলেন। রাতে সাড়ে ৮টা থেকে ৯টার দিকে কয়েক ব্যক্তি তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে এবং কুপিয়ে জখম করে।
এসময় তার মায়ের পায়েও গুলির ঘষা লেগেছে।
ওসি বলেন, প্রতিবেশী ও বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
