Published : 29 May 2026, 09:12 PM
নানা আয়োজনে পথশিশু ও বস্তিবাসীদের নিয়ে দিনব্যাপী ঈদ উদযাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
শুক্রবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজনে ছিল শিশুদের জন্য বিভিন্ন রাইডস, আপ্যায়ন আর দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে আয়োজনের উদ্বোধন করে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসবে সবাইকে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে মেয়র শতাধিক শিশুকে ঈদ সালামি দেন এবং এতিম শিশুদের সঙ্গে খাবার খান।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, “প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়, কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়।

“ঈদ এলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে সমাজে। পরিবারের সদস্যদের অন্ন যোগাতেই যারা হিমশিম খাচ্ছেন, ঈদ এলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নিঃশব্দ কাতর চোখ কোনো সাহায্য প্রার্থনা করে না। তারা চায় সামাজিক সম্মান ও আত্মমর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করতেই আজকের এ আয়োজন।”
‘কাউকে পেছনে ফেলে নয়’ স্লোগান নিয়ে এই আয়োজনে প্রায় হাজার খানেক মানুষ অংশগ্রহণ করেন।