১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস 'বিস্ফোরণে' দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক'

‘দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে’।

চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস 'বিস্ফোরণে' দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক'
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 01:21 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস বিস্ফোরণে’ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন; তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক।

হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, “ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে।”

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।”

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে বার্ন ইউনিট জানিয়েছে।