Published : 30 Aug 2025, 12:36 PM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিংয়ে বড় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পরিচালনাকারী চিটাগং ড্রাই ডক লিমিটেড।
নৌবাহিনী পরিচালিত কোম্পানিটি বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০১৯ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্য হিসাবে) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে টার্মিনালটির দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। এরপর সাতদিনে গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়।
সেই হিসাবে শুক্রবার কন্টেইনার হ্যান্ডলিংয়ে বড় অগ্রগতির কথা বলছে ড্রাই ডক। সেদিন হ্যান্ডলিং হওয়া কন্টেইনারের মধ্যে ২১০১ টিইইউস আমদানির; বাকি ২৯১৮ টিইইউস কন্টেইনার রপ্তানির।
দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসা বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।

কোম্পানিটি বলছে, তারা দায়িত্ব নেওয়ার আগের সাতদিনে (১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এখন সেই পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ড্রাই ডকের তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ৪৯ দিনে এনসিটিতে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সাইফ পাওয়ার টেক গত ১৯ মে থেকে ৬ জুলাই পর্যন্ত ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং করেছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউস।
তার মানে চট্টগ্রাম ড্রাই ডক দায়িত্ব নেওয়ার পরবর্তী ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।