চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ সহকারী প্রক্টরের পদত্যাগ
কারণ হিসেবে একাডেমিক ব্যস্ততা বেড়ে যাওয়া এবং শারীরিক অসুস্থতার কথা বলেছেন দুই শিক্ষক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই সহকারী প্রক্টর।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র জমা পড়ে।
পদত্যাগ করা দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।
অধ্যাপক বজলুর রহমান পদত্যাগপত্রে লেখেন, “একাডেমিক কাজে ব্যস্ততা বাড়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।”
পারভীন আক্তারও ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে পদত্যাগ করতে চাইছেন।
সহকারী প্রক্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে অধ্যাপক বজলুর বলেন, “আমার ব্যক্তিগত ও বিভাগীয় নানা দায়িত্ব রয়েছে। গবেষণার কাজ ও বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালনের কারণে সহকারী প্রক্টরের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছিল না। এ ছাড়া আমি শহরে থাকি, ফলে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছিল।”
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, “দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উনাদের পদত্যাগপত্রগুলো হয়তো প্রক্টর অফিসে অনেক আগেই জমা ছিল। কিন্তু রেজিস্ট্রার অফিসের কাছে চিঠিগুলো আজ বিকালে পাঠানো হয়েছে।
“বিষয়টি আমি উপাচার্যকে জানাব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
