২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়ন নিতে বাধার অভিযোগ

“সমমনা পরিষদের সদস্যদের ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে ফরম সংগ্রহ করতে বাধা দেওয়া হয় বলে শুনেছি,” বলেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 10:27 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

অর্ধশত বছরের পুরনো প্রতিষ্ঠান চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচনে একটি পক্ষকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

সিঅ্যান্ডএফ এজেন্টস সোসিয়েশনের নির্বাচনে ‘সমমনা পরিষদ’ বলছে, মনোয়নপত্র সংগ্রহের জন্য নির্ধারিত তিন দিনে তাদের কোনো প্রার্থীকে ফরম নিতে দেওয়া হয়নি। তাদের প্রতিপক্ষা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর আগ্রাবাদে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ‘বৃহত্তর অ্যিান্ডএফ এজেন্ট ঐক্য পরিষদ‘এর বিরুদ্ধে এ অভিযোগ করেন সমমনা পরিষদের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শোনান সমমনা পরিষদের সমন্বয়ক ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। 

আগামী ২৬ ফেব্রুয়ারি সিএন্ডএফ এজেন্টদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত ২৭ জানুয়ারি নগরীর আগ্রাবাদের সিঅ্যান্ডএফ টাওয়ারে মনোনয়নপত্র সংগ্রহের দিন থাকলেও সমমনা পরিষদের সদস্যরা ফরম নিতে না পারায় নির্বাচন কমিশনের কাছে আবেদনের প্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার পুনরায় নতুন করে দিন নির্ধারণ করা হয়। 

লিখিত বক্তব্যে মাহমুদ ইমাম বিলু বলেন, “আমাদের সংগঠন ৫০ বছরের পুরনো এবং শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে বহিরাগত নিয়ে ‘বৃহত্তর অ্যিান্ডএফ এজেন্ট ঐক্য পরিষদ‘নামধারী গুটিকয়েক সিঅ্যান্ডএফ এজেন্ট তাদের বাইরে সমমনা পরিষদের কাউকে সোম, বুধ ও বৃহস্পতিবারে মনোনয়ণ ফরম সংগ্রহ করতে দেয়নি এবং পেশীশক্তি প্রদর্শন করে।”

তিনি বলেন, “সমমনা পরিষদ নির্বাচনমুখী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের ভোটে বারে বারে নির্বাচিত হয়ে আসছে। আমাদের ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য মনোনয়ন সংগ্রহে বাধা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভুলুণ্ঠিত করা হয়েছে।” 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহে ‘বাধা দিয়ে’ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করা হয়েছে মন্তব্য করে কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, “এই হীন অপচেষ্টা বৈষম্যবিরোধী নব বাংলাদেশের অভ্যুদয়কালে বৈষম্য প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস বলে মনে করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের অস্বাভাবিক নিরবতায় এ ধরণের ঘটনায় সাধারণ সিঅ্যান্ডএফ এজেন্টরা আতঙ্কিত।” 

তিনি নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে ‘একতরফা প্রহসনের নির্বাচন’ প্রক্রিয়া বাতিল করে নতুন করে তফশিল ঘোষণার দাবি জানান।

এ বিষয়ে প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমমনা পরিষদের সদস্যদের ‘ফ্যাসিস্ট‘আখ্যায়িত করে ফরম সংগ্রহ করতে বাধা দেয়া হয় বলে শুনেছি। তিন দিন ধরে তাদের ফরম কিনতে যেতে দেওয়া হয়নি। আমরা ভেতরে ছিলাম, বাইরে কী হয়েছে আমাদের জানা নেই।” 

তিনদিনে মোট ৭২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, “আগামী ২৬ ফেব্রুয়ারি ২৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে ভোটার মোট ২৪৫০জন।” 

সমমনা পরিষদকে মনোনয়ন ফরম কিনতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে বৃহত্তর অ্যিান্ডএফ এজেন্ট ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী বিএনপিপন্থি ব্যবসায়ী এস এম সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “ফরম সংগ্রহ করতে আসা কাউকে বাধা প্রদান করা হয়নি। এ অভিযোগ উদ্ভট ও ভিত্তিহীন।”

বর্তমান কমিটির ১৩ জন ফরম সংগ্রহ করেছে দাবি করে তিনি বলেন, “বাধা দিলে তারা কীভাবে নিল। তাদের মধ্যে ফ্যাসিস্টদের দোসর থাকতে পারে।”