Published : 06 Aug 2025, 01:39 PM
চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট সংলগ্ন সড়কে এবং বাইপাসে পৃথক দুই দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ।
এর মধ্যে পটিয়া বাইপাস এলাকায় বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়ে এবং শান্তিরহাটে দুর্ঘটনাকবলিত বাসটি পটিয়াগামী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিসি ট্রাস্টের শিক্ষার্থী বহনকারী একটি বাস বাইপাস এলাকায় বিপরীতমুখী অপর একটি বাসের সাথে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে।”
এছাড়া শান্তিরহাট সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে যায়।
“তবে পুলিশ গিয়ে গুরতর কাউকে পায়নি। বাসের চালক ও সহকারীকেও পাওয়া যায়নি।”
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন শান্তিরহাট এলাকায় দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ২৫ জনকে হাসপাতালে আনা হয়। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
তবে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কাউকে মেডিকেলে আনা হয়নি বলে জানিয়েছেন এসআই তালুকদার।
আর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সরোয়ার কামাল বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি মইজ্জ্যারটেক থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। বাসে থাকা ২৯ শিক্ষার্থী আহত হয়েছে।
সরোয়ার বলেন, “আহত সবাইকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের সবার চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। হাসপাতালে আনা শিক্ষার্থীদের মধ্যে ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।