Published : 01 Sep 2025, 07:43 PM
গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অবস্থা ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই দুজনকে বেসরকারি পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।”
আরেক এক শিক্ষার্থীর রক্তনালী ছিঁড়ে যাওয়ার তাকে চট্টগ্রামে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা এনআইসিবিডিতে (ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার) পাঠানো হয়েছে।
সংকটাপন্ন দুই শিক্ষার্থীর নাম ইমতিয়াজ সায়েম ও আব্দুল্লাহ আল মামুন। আর ঢাকায় স্থানান্তর করা শিক্ষার্থীর নাম নাইমুল ইসলাম বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সংকটাপন্ন ইমতিয়াজ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ও মামুন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। এছাড়া নাইমুল ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছ।
বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে তিন শতাধিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিয়েছেন।
এদের মধ্যে পার্ক ভিউ হাসপাতালে দুইজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ভর্তি আছেন।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।
তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার দ্বিতীয় দিনের মত বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা।