Published : 29 Jun 2026, 12:06 PM
চট্টগ্রামের রাউজানে গাছ নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের হামলায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩৭ বছর বয়সী মোহাম্মদ আবদুল মান্নান সওদাগর রোববার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আবদুল মান্নান সওদাগর স্থানীয় কবির আহমদের ছেলে। উপজেলার হলদিয়া ইউনিয়নের জানি পাথর এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।
স্থানীয়রা বলেছেন, কিছুদিন আগে জানি পাথর এলাকার একটি পুকুরে গাছ হেলে পড়ে। স্থানীয়রা বৈঠকে বসে ওই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত দেয়। পরে গাছের মালিকের কাছ থেকে ওই গাছটি কিনে নেয় নিহত আবদুল মান্নান সওদাগেরর ভাই লোকমান।
বৃহস্পতিবার তারা ওই গাছটি কাটতে গেলে তা নিয়ে আবদুল মান্নান সওদাগর ও তার ভাই লোকমানের সঙ্গে তাদের চাচাত ভাই শাহজাহানের ঝগড়া হয়। পরে ঝগড়া মিটে গেলে আবদুল মান্নান সওদাগর জানি পাথর বাজারে নিজের দোকানে চলে যায়।
এর কিছুক্ষণ পর বাজারে গিয়ে শাহজাহান একটি কাঠের টুকরা দিয়ে আবদুল মান্নান সওদাগরের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুত আহত হন।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজারে চাচাত ভাইয়ের সাথে কয়েকদিন আগে আবদুল মান্নান সওদাগেরর ঝামেলা হয়। তখন তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়েছে।
“একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ বলে জেনেছি।”
বৃহস্পতিবার আহত আবদুল মান্নান সওদাগরকে শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত্যুর পর আবদুল মান্নান সওদাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।