১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুন করে মাজারে ‘আশ্রয়’ নিয়েছিলেন তিনি

এ আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:13 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চট্টগ্রামে পাওনা টাকার দ্বন্দ্বে এক যুবককে খুন করে পালিয়ে যাওয়া পান দোকানিকে গ্রেপ্তার হয়েছে একটি মাজার থেকে।

বোয়ালখালী উপজেলার আল্লাহওয়ালা মাজার থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিক হাসানকে (১৯) রোববার আদালতে হাজির করা হলে তিনি ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ রাতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় পাওনা টাকার জন্য হুমায়ুন কবির (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আফতাব জানান, হুমায়ুনের বাড়ি কুমিল্লায়, চট্টগ্রাম নগরীতে তিনি ভেড়া মার্কেট এলাকার টু-স্টার নামের একটি খাবার হোটেলে ডেলিভারি ম্যানের কাজ করতেন। আর হোটেলের পাশেই পান দোকান আছে আতিকের।

“দুজনই পূর্ব পরিচিত হওয়ায় হুমায়ুন বিভিন্ন সময়ে আতিকের দোকান থেকে বাকি করতেন। গত ২৪ এপ্রিল রাতে পাওনা টাকা নিয়ে আতিকের সাথে হুমায়ুনের বাকবিতণ্ডা হয়। এর জেরে আতিক পরদিন রাতে হুমায়ুনকে তার দোকানের সামনে দেখে বুকে ছুরিকাঘাত করে।"

ঘটনার পরপরই আতিক পালিয়ে যায় জানিয়ে ওসি আফতাব বলেন, “সে একটি মাজারে গিয়ে আশ্রয় নিয়েছিল। বাকলিয়া থানা পুলিশের একটি দল পটিয়া, বোয়ালখালীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”