চট্টগ্রামে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
মাইক্রোবাসটি ফটিকছড়ির নারায়ণ হাট থেকে শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল।
চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত এবং নারী-শিশুসহ পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ফরহাদাবাদ এলাকায় চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কাওসার (২৯), তিনি মাইক্রোবাসের চালক। তার বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার নারায়ণ হাটে।
নাজিরহাট হাইওয়ে থানার এসআই শাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “হায়েস মাইক্রোবাসটি ফটিকছড়ির নারায়ণহাট থেকে শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ফরহাদাবাদ স্কুলের সামনে মাছ বহনকারী বিপরীতমুখী পিকাপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।“
তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চালক কাওসারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারী-শিশুসহ আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
