২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘জনদাবি’ নিয়ে মাঠে নামলেও সরকার বাধা দিচ্ছে: চট্টগ্রাম এনসিপি

জামায়াত ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় জোটের লং মার্চের আগের দিন এ অভিযোগ করা হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 02:33 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

‘জনদাবি’ নিয়ে মাঠে নামলেও সরকার ক্রমাগত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম এনসিপি’র নেতারা। 

শুক্রবার চকবাজারে এনসিপি’র দলীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লং মার্চের আগে সংবাদ সস্মেলনে এ অভিযোগ করেন দলটির মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। 

তিনি বলেন, দেশে গ্যাস, “সার ও বিদ্যুতের তীব্র সংকটে জনগণের চরম ভোগান্তি চললেও সরকার সেদিকে ভ্রূক্ষেপ না করে দলীয়করণে ব্যস্ত। আমরা জনগণকে সাথে নিয়ে এই সরকারকে মোকাবেলা করব এবং জনগণের সুবিধা-অসুবিধা বুঝতে বাধ্য করব।” 

তিনি বলেন, “আগামীকাল (শনিবার) সকাল ৭টা থেকে শুরু হওয়া লংমার্চ ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুরো রুট লোকারণ্য হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের অভিযোগ, লংমার্চে আসা তাদের নেতাদের জন্য চট্টগ্রাম সার্কিট হাউজে নির্ধারিত ভিআইপি কক্ষগুলো দুই মন্ত্রীর নামে বুকিং দেখিয়ে তাদের থাকতে দেওয়া হচ্ছে না। 

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে বিকাল সোয়া ৫টায় চট্টগ্রামের লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ। 

এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। এখানকার মানুষ যাতে তাদের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার পায়, সেটি নিশ্চিত করা জরুরি। 

“জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল হিসেবে আমাদের করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে মাঠে সংগ্রাম করা কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামের এই সমাবেশে কথা বলবেন। আমরা আশা করি, লালদিঘীতে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে সমগ্র দক্ষিণাঞ্চলে বড় ধরনের জনসংযোগ সৃষ্টি হবে।"

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও টিপু সুলতান।