চট্টগ্রামে ‘টিসিজি কিনালিয়াদা’
জাহাজটি আগামী ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে।
তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’।
মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছাই বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম পৌঁছালে জাহাজটি স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।
জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাই কমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সফররত জাহাজটিতে কর্মকর্তা ও নাবিকসহ সর্বমোট ১৫২ জন সদস্য রয়েছেন। সফরকালে জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাই কমিশনের প্রতিনিধিরা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ অন্যান্য দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
সফর শেষে জাহাজটি আগামী ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে।
