Published : 13 Aug 2025, 07:13 PM
চট্টগ্রাম নগরীকে ‘অবৈধ’ ব্যানার ও পোস্টার মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
বুধবার নগরীর চকবাজার এলাকায় শিক্ষার্থীদের সাথে নিয়ে অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নেন মেয়র।
শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করা হবে। যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার দলের নেতাকর্মীদেরও অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে।
“এমনকি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণকে ‘ইতিবাচক ও অনুকরণীয়’ হিসেবে তুলে ধরে মেয়র বলেন, ‘শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।
“ভবিষ্যতে বিজ্ঞাপন শুধুমাত্র সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমেই দেওয়া যাবে। কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চান মেয়র।
এসময় নগরীর চকবাজার এলাকায় বিভিন্ন কোচিং সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাগানো বেশ কিছু ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।
এদিন এই কার্যক্রমে অংশ নেয় চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীর।