Published : 13 Feb 2025, 03:37 PM
চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন ওই বাইকের আরোহী তরুণী।
নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোডের ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাহুল সাহা (২৮) নগরীর আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকার বাসিন্দা। আহত অর্পিতা নগরীর এনায়েত বাজার এলাকায় থাকেন। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, “রাতে নিমতলা বিশ্বরোডে বাইকের সঙ্গে কর্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন।
“আহত মেয়েটিকে হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
কভার্ড ভ্যানটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছেন বলে এসআই আশেক জানান।