চট্টগ্রামে ‘পূর্ব বিরোধের জেরে’ মারধরে এক ব্যক্তি নিহত
“প্রাথমিকভাবে জেনেছি পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে আগে থেকে বিরোধ ছিল,” বলেন ওসি।
চট্টগ্রামে ‘পূর্ব বিরোধের’ জেরে মারধরে এক ব্যক্তির প্রাণ গেছে।
শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দিদারুল আলম (৫০) পটিয়া উপজেলার কালারপুল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় আবু তৈয়ব (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; তিনিও কালারপুল এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যক্ষদর্শীরা বলছেন রাতে মইজ্জ্যার টেক ইউসিবি ব্যাংকের সামনে দিদারুলকে দেখে মারধর শুরু করেন তৈয়ব। এসময় দিদারুল মাটিতে লুটিয়ে পড়েন।
“পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।”
তৈয়বকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ওসি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। সে বিরোধে তৈয়ব রাতে দিদারুলকে দেখে মারধর শুরু করে।”
চমেক পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক বলেন, “রাত সোয়া ৯টার দিকে দিদারুলকে হাসপাতালে আনা হয়। ২৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় তার মৃত্যু হয়।
