চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘এমনি মায়ার ছলনা...’
‘অভ্যুদয় সংগীত অঙ্গন’ সংগঠনের ১৭ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে হয়ে গেল সংগীতানুষ্ঠান ‘এমনি মায়ার ছলনা…’।
‘অভ্যুদয় সংগীত অঙ্গনের’ আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় মিলনায়তনে একে একে গাওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম জাগানিয়া গান।
সমবেত এ পরিবেশনা শুরু হয় ‘তোমায় গান শোনাব, তাই তো আমায় জাগিয়ে রাখো’ গান দিয়ে। এরপর শিল্পীরা একে একে গেয়ে শোনান ‘ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি’, ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি’ ও ‘পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও, কোথা যাও’ গান।
অভ্যুদয় সংগীত অঙ্গন সংগঠনের ১৭ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা আরও গেয়ে শোনান ‘ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা’, ‘সকলি ফুরাল, স্বপনপ্রায়’, ‘ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী’, ‘যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ ওঠেনি সিন্ধুপারে’ গান।
অভ্যুদয়ের দলপ্রধান শিল্পী শ্রেয়সী রায় গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেখো সখা ভুল করে ভালোবেস না’। ‘তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি’, ‘এরা সুখের লাগি, চাহে প্রেম, প্রেম মেলে না’ গান দিয়ে শেষ হয় আয়োজন।
অনির্বাণ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শৈবাল বড়ুয়া।
