চট্টগ্রামে জামায়াত পরিচালিত পাঠাগারে ভাঙচুর
এ হামলার জন্য ছাত্রদল ও যুবদলের কর্মীদের দায়ী করেছে জামায়াত।
চট্টগ্রামের পাহাড়তলী সেগুনবাগান এলাকায় জামায়াতে ইসলামী পরিচালিত একটি পাঠাগারে ভাঙচুর করা হয়েছে।
নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী কলেজের অদূরে সেগুনবাগানে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই পাঠাগারে হামলার ঘটনা ঘটে। ‘সেগুনবাগান ইসলামী পাঠাগার’ ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের কার্যালয় হিসেবেও ব্যবহার হত।
এ হামলার জন্য ছাত্রদল ও যুবদলের কর্মীদের দায়ী করেছে জামায়াত। সিটি কলেজে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের জেরে এ হামলা হয় বলে জামায়াত নেতাদের ভাষ্য।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা হামলা করে পাঠাগারের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। পাঠাগারে থাকা টেলিভিশনটিও তারা নিয়ে গেছে।”
ওই পাঠাগারে ১৩ নম্বর ওয়ার্ড জকমায়াতের বিভিন্ন সভা হত জানিয়ে তিনি এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।
খুলশী থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি কলেজে সংঘর্ষের জেরে ওই এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখন মোছা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।
